রিকশা থামিয়ে ছুরি দেখিয়ে ছিনতাই, পকেট কাটার ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে রিকশা থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ছুরি দেখিয়ে টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় একজন ছুরি ধরে রাখার পাশাপাশি অন্যজন ছুরি দিয়ে ওই যাত্রীর পকেট কেটে কিছু বের করার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে জোর করে কিছু নেওয়ার চেষ্টা করছেন। একজন ছুরি হাতে যাত্রীর দিকে তাক করে আছেন, আরেকজন তার প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করার চেষ্টা করছেন। যাত্রীকে একপর্যায়ে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’
যাত্রীর নড়াচড়ার একপর্যায়ে এক ছিনতাইকারী তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়। পরে পকেট থেকে জিনিস বের করতে না পেরে ছুরি দিয়ে পকেট কেটে ফেলেন তিনি। এ সময় অপর ব্যক্তি ছুরি হাতে যাত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।
ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা চিৎকার শুরু করেন। পরে দুই ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের চিৎকারের মধ্যেই তারা রিকশাযাত্রীটির টাকা-পয়সা ও মুঠোফোন নিয়ে যান বলে জানা গেছে।
শনিবার সকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এ ঘটনায় কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আসেননি। বিষয়টি জানার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
মতামত দিন