চোখের সামনে তথ্য ও এআই, স্মার্ট চশমায় স্ন্যাপের নতুন চমক
স্মার্ট চশমার ধারণাকে আরও বিস্তৃত করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন, কর্মক্ষেত্র ও অগমেন্টেড রিয়েলিটির সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্ন্যাপ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের নতুন ‘স্পেকস’ অগমেন্টেড রিয়েলিটি চশমার বিভিন্ন সুবিধা তুলে ধরেছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ‘স্পেকস ইন্টেলিজেন্স’ নামের একটি এআই ব্যবস্থা, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ ও প্রয়োজন অনুযায়ী তথ্য সামনে আনার জন্য তৈরি করা হয়েছে।
স্ন্যাপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইভান স্পিগেলের ভাষ্য অনুযায়ী, স্পেকসকে প্রচলিত কম্পিউটারের বিকল্প হিসেবে নতুন ধরনের একটি পরিধানযোগ্য কম্পিউটার হিসেবে তৈরি করা হয়েছে। এতে স্বচ্ছ লেন্সের মাধ্যমে বাস্তব পরিবেশের ওপর ডিজিটাল তথ্য ও অভিজ্ঞতা দেখা যাবে। চশমাটিতে আলাদা কোনো পকেট কম্পিউটার বা তারের সংযোগের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা হাতের ইশারা ও কণ্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন কাজ পরিচালনা করতে পারবেন।
নতুন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন ‘স্পেকস ইন্টেলিজেন্স’। স্ন্যাপ একে ‘অ্যান্টিসিপেটরি এআই’ হিসেবে বর্ণনা করেছে। ব্যবহারকারী যেসব অ্যাপ ও টুলের সঙ্গে এটি যুক্ত করবেন, সেখান থেকে তার লক্ষ্য, অগ্রাধিকার, সম্পর্ক ও দৈনন্দিন অভ্যাস সম্পর্কে ধারণা তৈরি করবে এআইটি। কোনো নির্দেশের অপেক্ষায় না থেকে প্রয়োজনীয় সময়ে তথ্য বা পরামর্শ সামনে আনার লক্ষ্যেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। আইফোন, ম্যাক ও স্পেকস চশমা থেকে এটি ব্যবহার করা যাবে।
বিনোদনের ক্ষেত্রেও থাকছে বেশ কিছু সুবিধা। স্পেকসের মাধ্যমে ইউটিউব, এইচবিও ম্যাক্সসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখার সুযোগ থাকবে। স্ন্যাপ জানিয়েছে, ভার্চ্যুয়াল পর্দায় সিনেমা বা ভিডিও দেখার অভিজ্ঞতা বড় পর্দার মতো করে তুলতে কাজ করা হয়েছে। পাশাপাশি স্পটিফাইয়ের সঙ্গে সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বর বা পরিস্থিতির ভিত্তিতে গান ও পডকাস্ট চালাতে পারবেন। খেলাধুলার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এনবিএ ও ডব্লিউএনবিএর সঙ্গে যৌথভাবে তৈরি এআর অভিজ্ঞতার মাধ্যমে বাস্কেটবল অনুশীলনে ভিজ্যুয়াল নির্দেশনা ও অগ্রগতির তথ্য পাওয়া যাবে।
কর্মক্ষেত্রেও স্পেকস ব্যবহারের সুযোগ বাড়াতে ‘স্পেকস ফর এন্টারপ্রাইজ’ উদ্যোগ নিয়েছে স্ন্যাপ। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এনভিডিয়া, সেলসফোর্স, ট্রাইফর্ক ও হলোলাইটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে তারা। এর মাধ্যমে কারখানা, দোকান বা মাঠপর্যায়ের কাজে কর্মীরা হাত ব্যস্ত না রেখেই প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা ও দূরবর্তী সহায়তা পেতে পারবেন। প্রযুক্তিবিদদের জন্য ডিভাইস ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ন্ত্রণের সুবিধাও তৈরির কাজ চলছে।
ওয়াই-ফাইয়ের বাইরে চশমাটি সচল রাখার জন্য নতুন ‘স্পেকস চার্জিং কেস উইথ সেলুলার’ও আনা হচ্ছে। আলাদাভাবে বিক্রি হওয়া এই কেসে চারবার পর্যন্ত অতিরিক্ত চার্জ দেওয়ার সুবিধার পাশাপাশি সেলুলার সংযোগ থাকবে। যুক্তরাষ্ট্রে ভেরাইজনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। ভেরাইজন গ্রাহকদের জন্য ডেটা প্ল্যান শুরু হবে মাসে ১০ ডলার থেকে, আর অন্য গ্রাহকদের জন্য তা ২০ ডলার থেকে শুরু হবে। সংযুক্ত কেসসহ প্যাকেজটির দাম ২ হাজার ৩৯৫ ডলার।
স্ন্যাপের ঘোষণা অনুযায়ী, স্পেকসের প্রাথমিক মূল্য ২ হাজার ১৯৫ ডলার। আগামী ১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টফিল্ড সেঞ্চুরি সিটিতে ‘স্পেকস ফার্স্ট লুক’ নামে প্রদর্শনীর মাধ্যমে গ্রাহকদের এটি সরাসরি ব্যবহারের সুযোগ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সে চলতি শরতের শেষ দিকে চশমাটির সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
মতামত দিন