Views Bangladesh Logo

গাইবান্ধায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন একটি সাপ পোষ মানাতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩৪) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মৃত আজাদুল উপজেলার সাপমারা ইউনিয়নের তফরকামাল শিয়ালগাড়ি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয় একটি হাটে সাপ নিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল আজাদুলের।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদুল ইসলাম বিভিন্ন এলাকায় লোকজ অনুষ্ঠানে সাপ নিয়ে খেলা দেখাতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ জড়িয়ে খেলা দেখানো শুরু করেছিলেন। এরই অংশ হিসেবে সোমবার শাখাহার ইউনিয়নের আসাদমোড়ায় আয়োজিত এক অনুষ্ঠানের জন্য কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ নিয়ে আসেন তিনি। পরে নতুন ধরা সাপটিকে খেলা দেখানোর জন্য পোষ মানাতে গেলে হঠাৎ সাপটি তাকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক কবিরাজের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম বলেন, হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছিল। তাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

চিকিৎসক পরিবারের বরাত দিয়ে বলেন, বিকেলে সাপের কামড়ের পর রোগীকে প্রথমে জয়পুরহাটের একজন কবিরাজের কাছে নেওয়া হয়, পরে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি বলেন, সাপে কাটলে রোগীকে দ্রুত হাসপাতালে আনা উচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ