Views Bangladesh Logo

নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন ভারতের স্মৃতি মান্ধানা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নারী ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাঁর দখলে। মিতালি রাজকে পেছনে ফেলে এই কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমে রেকর্ডটি নিজের করে নেন মান্ধানা। ম্যাচের আগে মিতালি রাজের সংগ্রহ ছিল ১০ হাজার ৮৬৮ রান। নিজের ৩০৩তম আন্তর্জাতিক ইনিংসে সেই রান ছাড়িয়ে যান মান্ধানা। ফলে নিউজিল্যান্ডের সুজি বেটস ও মিতালিকে টপকে নারী ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

রেকর্ড গড়ার দিন ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত মান্ধানা। হংকংয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৬৪ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও ৭টি ছক্কায়। শেষ ওভারে রানআউট হয়ে থামার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮তম শতক তুলে নেন এই ভারতীয় ওপেনার। তাঁর শতকের ওপর ভর করে ভারত ৫ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে।

এই শতকের মাধ্যমে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন তিনিই। এতদিন ১৭টি শতক নিয়ে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংয়ের। তাঁকে ছাড়িয়ে ১৮টি শতকে পৌঁছেছেন মান্ধানা। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই শতক করা প্রথম ভারতীয় নারী ব্যাটারও তিনি।

শুধু শতক কিংবা মোট রানের রেকর্ড নয়, পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসাবেও এদিন মিতালির পাশে বসেছেন মান্ধানা। নারী আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩টি, যা যৌথভাবে সর্বোচ্চ। টি-টোয়েন্টিতেও তাঁর আধিপত্য স্পষ্ট। এই সংস্করণে ৩৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে এককভাবে শীর্ষে আছেন তিনি। অস্ট্রেলিয়ার বেথ মুনি ৩৩টি নিয়ে রয়েছেন পরের অবস্থানে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি টেস্টে ৫২.৫৩ গড়ে ৭৮৮ রান করেছেন মান্ধানা। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৫ হাজার ৪১১ রান, গড় ৪৭.৮৮। আর টি-টোয়েন্টিতে ১২৬.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৪ হাজার ৬৮১ রান। তিন সংস্করণ মিলিয়ে তাঁর মোট রান দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮০।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ