সিলেটে অনলাইন নিউজ পোর্টাল বন্ধের গণবিজ্ঞপ্তি বাতিল করল এসএমপি
সমালোচনার মুখে সিলেটে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারির মাত্র ১৬ ঘণ্টার মধ্যে তা বাতিল করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত নতুন গণবিজ্ঞপ্তিতে বুধবার রাতে জারি করা পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিটি বাতিলের কথা জানানো হয়।
বেলা সাড়ে ১১টায় হোয়াটসঅ্যাপে 'এসএমপি মিডিয়া' গ্রুপে পূর্বের গণবিজ্ঞপ্তি (স্মারক নং: সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল-সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টায় একই গ্রুপে পাঠানো গণবিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটিতেও স্বাক্ষর করেছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। লক্ষ করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার করছে এবং সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, 'এ পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে ২০২৬, সন্ধ্যা ৬টা) দেশি-বিদেশি সব ডোমেইন থেকে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল অপসারণের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পোর্টালের কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে সিলেট মহানগরবাসীকে অনুরোধ করা হলো।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে