Views Bangladesh Logo

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপান করতে দেখে এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসাসেবার পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিস্থিতি এবং হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। একই সঙ্গে কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ