Views Bangladesh Logo

কৃষিভিত্তিক শিল্পে ১২৫ কোটি টাকার ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-র সহায়তায় দেশের কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে এসএমই ফাউন্ডেশন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উদ্যোক্তাকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে সরকারি সংস্থা বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)-এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিআইএফএফএল-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বিআইএফএফএল-এর ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের তহবিল থেকে কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন করা হবে। জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য খাদ্য ভ্যালু চেইনের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। অর্থায়নের আওতায় থাকবে ফল, শাকসবজি ও মসলা প্রক্রিয়াজাতকরণ; চাল ও ডাল প্রক্রিয়াজাতকরণ; ভোজ্য তেল উৎপাদন; বীজ প্রক্রিয়াজাতকরণ; জৈব সার ও বায়োপেস্টিসাইড উৎপাদন এবং সংশ্লিষ্ট পাইকারি, লজিস্টিকস ও খুচরা খাত।

মূলধনী বিনিয়োগের অংশ হিসেবে যন্ত্রপাতি ও মেশিনারি ক্রয়, কারখানার অবকাঠামো উন্নয়ন, গুদাম নির্মাণ এবং অন্যান্য সহায়ক অবকাঠামো উন্নয়নেও অর্থায়ন করা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের প্রযুক্তিগত জ্ঞান, পরামর্শ সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা দেওয়া হবে। বিশেষত খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত আন্তর্জাতিক মান, যেমন ISO, HACCP ও হালাল সার্টিফিকেশন অর্জনেও সহযোগিতা করা হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুর সালাম সরদারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমই ফাউন্ডেশন আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের খাদ্য ভ্যালু চেইন শক্তিশালী হবে, আমদানি-নির্ভরতা কমবে, রপ্তানির সম্ভাবনা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ