Views Bangladesh Logo

ফুচকা বিক্রেতা, রিকশাচালকসহ সবাইকে বাংলা কিউআর লেনদেনে আনা হবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো মাশুল নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে করা যাবে।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এ ব্যবস্থার মাধ্যমে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে যেকোনো ক্ষুদ্র ব্যবসায়ী খুব সহজেই যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।

মন্ত্রীর মতে, এর ফলে মানুষকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না। একই সঙ্গে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ