বিদেশের মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা
রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহিত করতে বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো ও ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ মেলা উপলক্ষে আয়োজিত ডি-ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তবে ভাড়া আংশিক নাকি পুরোপুরি মওকুফ করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানাননি।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিত করতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ কারণে তাদের জন্য বুথ ভাড়া মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্য সহজ করতে সরকার ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
এর আগে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছিল, ২০২৬–২৭ অর্থবছরে নতুন বিনিয়োগ ও রপ্তানির সুযোগ বাড়াতে ২৭টি দেশে ৫০টি আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়া হবে। এসব মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ১২টি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন