টোল আদায়ে ধীরগতিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতুর টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাত থেকে এলেঙ্গায় যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, যমুনা সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতি এবং অব্যবস্থাপনা এই রুটে তীব্র করে তুলছে যানজট। তারা বলেন, এমনও দেখা গেছে, সড়কের কোথাও যানজট নেই। কিন্তু সেতুর মুখে টোল আদায় বক্সের দুই পাশে মাইলের পর মাইল যানজট। প্রায়ই সে যানজট ১২-১৫ কিলোমিটার এলাকাও ছাড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ সড়কের টোল প্লাজার রাজশাহীমুখী লেনে প্রায় দেড় কিলোমিটার যানবাহনের সারি ছিল। তবে, সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে যানজট থাকলেও ঢাকাগামী লেন একদমই ফাঁকা ছিল।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে উভয় পাড়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকা। যার মধ্যে পূর্ব প্রান্ত দিয়ে পার হয়েছে ৩২ হাজার ৮৪০টি ও পশ্চিম প্রান্ত দিয়ে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে ছিল। এতে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজট কমাতে সেতুটি একমুখী করে দুই লেন দিয়ে যানবাহন উত্তরবঙ্গের দিকে পার করানো হয়। ফলে যানবাহন দ্রুত সেতু পার হয়ে স্বল্প সময়ের মধ্যে সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে ধীর গতি রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ কাজ করছে।
যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাত ১২টা থেকে সকাল ১০ পর্যন্তু সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়েছিল। এ কারণে সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে এ যানজট এড়াতে একমুখী করে দুই লেন দিয়ে যানবাহন উত্তরবঙ্গের দিকে পার করানো হয়। এখন গাড়ি দ্রুত সেতু পার হয়ে যাচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যে সেতুতে যান চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে