বিনিয়োগে বাধা সৃষ্টি করছে বিভিন্ন দপ্তরের ধীরগতির কার্যক্রম: মির্জা ফখরুল
দেশে সরকারি বিভিন্ন দপ্তরের ধীরগতির কার্যক্রম বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ মে) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘দি কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ। এতে বিদেশি সংস্থা, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীরগতির বলে মনে করছেন। এতে দ্রুত সিদ্ধান্ত না পাওয়ায় তারা হতাশ হচ্ছেন এবং বিনিয়োগে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
তিনি বলেন, বিনিয়োগকারীরা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করেন, কিন্তু সেই গতি তারা পান না। এতে হতাশা তৈরি হয়।
তিনি আরও বলেন, দেশের সার্বিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এখনো পুরোপুরি অনুকূল নয়। তবে সরকার প্রশাসনিক সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কাজ করছে।
সরকারপ্রধান তারেক রহমান বিষয়গুলো সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নে কাজ করছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচি রয়েছে।
তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং অফশোর ও অনশোর তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এ খাতে টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের কিছু রাজনৈতিক সমস্যা পুরোপুরি সমাধান না হলেও বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে উন্নত। স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।
এছাড়া প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এর সমাধানে সরকারের প্রচেষ্টার কথা জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে