গোপালগঞ্জে শেখ হাসিনার নামে কনসার্টে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার
গোপালগঞ্জ পৌরপার্কে এফএনএফ পার্টি সেন্টার ও কনভেনশন হলের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সোমবার রাত সোয়া ৯টার দিকে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া এ কনসার্টে অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন কলকাতার জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেওয়া মাইনুল আহসান নোবেল।
অনুষ্ঠান চলাকালে দর্শকদের একাংশ শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আয়োজকেরা স্লোগান বন্ধের চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। তবে এরপরও স্লোগান চলতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রাত সোয়া ৯টার দিকে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়।
এদিকে পুলিশের অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজন ও সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলার অবনতি ও অনুমতিবিহীন কর্মসূচি আয়োজনের কারণে এফএনএফ কনভেনশন হলের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে আটক করা হয়। পরে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, কনসার্ট আয়োজনের আগে সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে আয়োজকদের সতর্ক করা হয়েছিল। তাদের অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়। তবে অনুষ্ঠান করতে হলে নিজস্ব পার্টি সেন্টারের ভেতরে ছোট পরিসরে আয়োজনের কথা বলা হয়েছিল।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশের অনুমতি না নিয়েই কনসার্টের আয়োজন করা হয়। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা একত্রিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন