পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন এক বাস হেলপার। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছর বয়সী মো. সিয়াম। পরে বাসটি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়তে দেখে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে সতর্ক করেন। পরে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
মতামত দিন