Views Bangladesh Logo

জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছয় সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ বিষয়ে ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ এপ্রিল) বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী; পাশাপাশি অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের শুল্ক সমন্বয়ের জন্য প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট নিরসনে পাইকারি ও খুচরা বিদ্যুতের শুল্ক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে, যা মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে।

প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটির সচিবালয় সহায়তা প্রদান করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ