Views Bangladesh Logo

আইয়ুব বাচ্চুর স্মরণে

সবাইকে একা করে চলে যাবার ছয় বছর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাইকে কাঁদিয়ে আকাশে উড়াল দেয়ার ছয় বছর আজ। ২০১৮ সালের এই দিনে (১৮ অক্টোবর) বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু তার রুপালি গিটার ফেলে চলে যান বহুদূরে। তার এই হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সুরের জগতে, কেঁদে উঠে কোটি ভক্তের হৃদয়।

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার আকস্মিক মৃত্যুর পর দীর্ঘ এই ছয় বছর আইয়ুব বাচ্চুবিহীন কাটাল বাংলাদেশের সংগীতাঙ্গন। তবে সশরীরে উপস্থিত না থাকলেও আইয়ুব বাচ্চুর ভরাট কণ্ঠ, অসাধারণ গানের কথা আর গিটারের সুর তাকে অমর করেছে। আজও তার গান কোটি ভক্তের হৃদয়কে তোলপাড় করে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। তিনি সংগীতজীবন শুরু করেন ১৯৭৭ সালে আর ব্যান্ড জগতে পা রাখেন তার এক বছর পরেই।

১৯৮০ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। পরের বছর অর্থাৎ ১৯৯১ সালে তিনি ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) ব্যান্ডদল গঠন করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি এই দলটির সঙ্গেই মেইন ভোকাল হিসেবে যুক্ত ছিলেন।

তার প্রথম গাওয়া গান ‘হারানো বিকেলের গল্প’। আর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। গানের জগতে সফলতা আসে দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’-এর মাধ্যমে।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়ে গেছেন তিনি। গায়কী জীবনে ১২টি ব্যান্ড, ১৬টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছিল তার।

অসংখ্য দর্শকপ্রিয় গানের মধ্যে তার কয়েকটি গান হলো- ফেরারি মন, হাসতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, চলো বদলে যাই, সুখেরই পৃথিবী ইত্যাদি।

আকাশচুম্বী তারকা খ্যাতি পেয়েও বিন্দুমাত্র অহংকার ছিল না এই দেশসেরা গিটারিস্টের মধ্যে। অতি সাধারণ হয়ে তিনি মুহূর্তেই মিশে যেতেন মানুষের সঙ্গে, থাকতেন ভক্তদের ধরাছোঁয়ার মধ্যেই। তাই ভক্তদের প্রাণের মানুষ হয়েই তিনি রয়েছেন হৃদমাঝারে।

আইয়ুব বাচ্চুর আত্মার শান্তি কামনায় এই দিনে করা হয় বিভিন্ন আয়োজন।

তার আত্মার মাগফেরাত চেয়ে চট্টগ্রাম মিউজিসিয়ান’স ক্লাব, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল সন্ধ্যা সাড়ে ৬টায় মগবাজারের সেলেব্রেশন কমিউনিটি পয়েন্টে দোয়ার আয়োজন করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা রেট্রো’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছে ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। এখানে একই মঞ্চে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ