Views Bangladesh Logo

‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ায় সাজেকে ৬ পর্যটক আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পর্যটকবাহী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় পর্যটক একটি ‘চাঁদের গাড়িতে’ করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িটি বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় তাদের কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সাজেক থানার সামনে গাড়িটি পৌঁছালে পুলিশ ছয়জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের ফারদিন এহসান হৃদয়, ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার, রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালী এলাকার মো. সাইফুল ইসলাম।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ছয় পর্যটককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ