রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। গত ৩০ জুনের হিসাবে এসব ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৮৮৮ কোটি ৭৯ লাখ, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ এবং জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম তার প্রশ্নে দেশের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান। জবাবে অর্থমন্ত্রী ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের এই হিসাব তুলে ধরেন।
ছয় ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকেই মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি রয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকারও বেশি।
মতামত দিন