Views Bangladesh Logo

সুপ্রিম কোর্ট এলাকা থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এসব গ্রেনেড শনাক্ত করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে কারা বা কী উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রবেশপথের পাশে এসব গ্রেনেড রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ