১৫ আগস্ট উপলক্ষে খিচুড়ি রান্নার অভিযোগ, ফরিদপুরে ছয় রিকশাচালক আটক
ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজনকে কেন্দ্র করে ছয় রিকশাচালককে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে, এমন সন্দেহে পুলিশ তাদের আটক করে। তবে পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তাদের থানায় নেওয়া হলেও পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন হারুন শেখ (৫৪), মজিদ শেখ (৫৬), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), ইউসুফ শেখ (৪৫) ও তার ছেলে রহিম শেখ (২৩)। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেটসংলগ্ন বাজার থেকে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। বর্তমানে জেলার বিভিন্ন রিকশা স্ট্যান্ডকেন্দ্রিক আঞ্চলিক কমিটি গঠনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ধুলদী বাজার এলাকায় একটি আঞ্চলিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে শ্রমিকদের পক্ষ থেকে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল।
সংগঠনের নেতাদের অভিযোগ, রান্নার আয়োজন দেখে পুলিশ সেখানে অভিযান চালায়। ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে খিচুড়ি রান্না করা হচ্ছে, এমন সন্দেহ থেকেই ছয় শ্রমিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিকমুক্ত। এরপরও ছয় শ্রমিককে আটকের পর দীর্ঘ সময় থানায় রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওই শ্রমিকদের থানায় আনা হয়েছিল। পরে তদন্ত করে দেখা যায়, অভিযোগের কোনো সত্যতা নেই এবং আটক ব্যক্তিরা নিরীহ রিকশাচালক। তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকের প্রায় ৩০ ঘণ্টা পরও ওই ছয় শ্রমিক থানার গারদে ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। শ্রমিক সংগঠনের নেতারা দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন।
মতামত দিন