জেনজি সদস্যদের ‘অভিযানে’ হোটেল থেকে ৬ জন আটক, জানে না পুলিশ, উঠছে প্রশ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি আবাসিক হোটেল থেকে ছয়জনকে আটক করেছেন ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনটির দাবি, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ পেয়ে স্থানীয়দের নিয়ে তারা ছয়জনকে আটক করে পুলিশকে খবর দেন। তবে কোনো অভিযোগে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেরা কাউকে আটক করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশও জানিয়েছে, এ বিষয়ে তারা আগে কিছু জানত না।
রোববার দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের একটি আবাসিক হোটেল থেকে ওই ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। সংগঠনটির সদস্যদের ভাষ্য, দুই নারী বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। চার পুরুষের মধ্যে একজন ওই হোটেলের ব্যবস্থাপক এবং অন্যরা উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।
সংগঠনটির সদস্যদের অভিযোগ, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি বলেও দাবি সংগঠনটির। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
‘জেন জি আলোড়ন’ সংগঠনটি হাটিকুমরুল ও আশপাশের এলাকার তরুণদের নিয়ে কয়েক মাস আগে গঠিত হয়েছে বলে জানা গেছে। সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল জানান, রোববার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয়জনকে আটক করে পুলিশকে বিষয়টি জানান।
আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো অভিযোগের ভিত্তিতে সাধারণ নাগরিক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিজেরা আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারও ব্যক্তিগত জীবন বা চলাফেরায় আইনবহির্ভূত হস্তক্ষেপও গ্রহণযোগ্য নয়। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই নিয়ম।
হোটেলে যাওয়ার বা কাউকে আটকের অনুমতি কে দিয়েছে—এমন প্রশ্নের জবাবে সংগঠনটির কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, তারা কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। তাদের দাবি, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় তারা ওই ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। কেন তাদের আটক করা হয়েছে এবং প্রকৃত ঘটনা কী, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
মতামত দিন