হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ জন। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৭২১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৬১৩ জন। এ সময়ে ৫৮১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৪৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন, যার মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন বাড়ি ফিরেছে।
মতামত দিন