Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু এ সময়ে হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হামের সংক্রমণ ও উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৫ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৪৪ জন। সব মিলিয়ে গত এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৫৯৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ এবং জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ