চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছয়জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিকেলের হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত নেমে আসায় তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আবদুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (প্রবাসী আবদুর রবের স্ত্রী), রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং গোসাইপুর গ্রামের হাসান আলী (লালু) রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিবগঞ্জে নিহত তিনজনই আমবাগানে কাজ করছিলেন। ঝড়বৃষ্টির সময় তারা আম কুড়াতে বা বাগানে অবস্থান করছিলেন, তখনই বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, আতাহার এলাকায় মাঠে গরু আনতে গিয়ে আবদুল্লাহ বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে গরুটিরও মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, লাহাবাড়ি এলাকায় মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে সুমিয়ারা বেগম বজ্রাঘাতে মারা যান। একই উপজেলায় আমবাগানে কাজ করার সময় হাসান আলীর মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে