বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১০
বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।
মতামত দিন