Views Bangladesh Logo

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মাছবাজার-সংলগ্ন এলাকায়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানার দিকে যাওয়ার পথে মাছবাজারের কাছে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হওয়ায় মাছবাজারসহ আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে সাধারণ মানুষও এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেন। পরে রাতভর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ