উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ৬ জন তিন দিনের রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকা থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (৫ জুলাই) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে যাত্রাবাড়ী থানা পুলিশের আবেদনের পর আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন—শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত। রোববার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে দাখিল করা আবেদনে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশের বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কিছু ব্যক্তি প্রশিক্ষণ নিতে জড়ো হয়েছে। সেখানে অভিযান চালাতে গেলে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সেখানে জড়ো হওয়ার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে একই নিরাপত্তায় আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়।
মতামত দিন