৬ রেঞ্জ ডিআইজি ও ৩ পুলিশ সুপারকে বদলি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি রাইহান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মাদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন