দুর্বল ছয় ব্যাংক পেল ১৬৪০ কোটি টাকা তারল্য সহায়তা
তারল্য সংকটে থাকা আর্থিকভাবে দুর্বল ছয়টি ব্যাংককে মোট ১ হাজার ৬৪০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে তিনটি শক্তিশালী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, এই পদক্ষেপ দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসন এবং তাদের কার্যক্রমে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
সূত্র মতে, সোনালী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এই সহায়তা প্রদান করেছে।
ব্যাংকগুলোকে প্রদত্ত অর্থের বিবরণ অনুযায়ী- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৩৭৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংককে ১৫০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংককে ৯৫ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক পিএলসি-কে ৩২০ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক পিএলসিকে ৪০০ কোটি টাকা দেয়া হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১০টি শক্তিশালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ প্রদানের বিষয়ে আলোচনা হয়।
এই ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়া অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকে সিদ্ধান্ত হয়, শক্তিশালী ব্যাংকগুলো প্রয়োজন হলে তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তাদের ঋণের অর্থ ফেরত চাইতে পারবে। এই ঋণের সুদের হার বাজারের প্রচলিত হারের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই পদক্ষেপগুলো ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে