Views Bangladesh Logo

রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন অনুযায়ী নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য এসব কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি।

প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।

সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে রয়েছে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি।

কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠন করা হয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি। আর আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে রয়েছে অভ্যর্থনা কমিটি।

অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটি অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

এ ছাড়া কমিটিগুলোর আহ্বায়করা তাঁদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ