রাজধানীতে ৬ চীনা নাগরিকসহ প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন চীনা নাগরিক।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত চীনা নাগরিকরা হলেন— এম এ জি, ঝাং জিয়াহাও, লিউ জিনজি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু। এছাড়া বাকি ৩ জন বাংলাদেশি হলেন— কাউসার হোসেন, আব্দুল করিম ও রোকন উদ্দিন।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, বুধবার সকালে নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার প্রচারণা এবং বিকাশ-নগদের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রূপায়ণ হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৪ পোর্টের ৩টি, ৮ পোর্টের ১টি এবং ২৫৬ পোর্টের ১টি জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া পরিচালনা, সাইবার প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন এবং অর্থপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট সিম সংগ্রহ করে জিএসএম গেটওয়ে ডিভাইসে ব্যবহার করতেন। এসব সিমের মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও প্রতারণার টাকা স্থানান্তর করা হতো।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল। এ ঘটনায় রমনা থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন