আদ্-দ্বীন হাসপাতালে এসির ‘গ্যাস লিকেজ’ থেকে ৬ নবজাতকের মৃত্যু
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ‘গ্যাস লিকেজ’ থেকে এক ওয়ার্ডেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৭ মে) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে’।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে। তারা সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে ত্রুটি থাকায় সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি হয় এবং একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন শিশু ছিল। প্রথমে দুটি শিশু অসুস্থ হলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে আবার ওয়ার্ডে পাঠানো হয়। সকাল ৬টার দিকে আবারও শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে ভেন্টিলেশনে রাখা হলেও তাদের বাঁচানো যায়নি।
এব্যাপারে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে গিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক নবজাতকের মা এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে নার্স প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখেন। এরপর গরম লাগায় আবার এসি চালু করা হলে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে