ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ দলের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক রয়েছেন।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে প্রয়োজনীয় কাগজপত্রে কোনো ত্রুটি না থাকায় ছয়জনের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র এবং ৯৮৯টি বুথ নির্ধারণ করা হয়েছে।
এই আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি আসনটি ছাড়েন। তার ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে এবার বিএনপির দুজনসহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধতা পেয়েছেন।
মতামত দিন