কর্ণফুলী নদীতে নৌযানে আগুন, দগ্ধ ৬ নাবিক
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডে ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নৌযানের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে; বাকি তিনজন চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সদরঘাট নৌ থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ২টার দিকে এফভি দেশ নামের নৌযানটি কর্ণফুলী নদীর সদরঘাট এলাকার সাম্পানঘাটে মুরিং বয়ায় নোঙর করে। আজ বেলা পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে আসা বিকট শব্দের পরই আগুন ধরে যায়, যাতে দগ্ধ হন নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০)।
ঘটনার পর আহত সাত নাবিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আসেন, যাদের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ছয়জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে প্রকৌশলী আশিকুজ্জামান এবং নাবিক রুবেল ও শাহ আলমের শরীরের শতভাগ পুড়ে গেছে, যে কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। অন্য তিনজন চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, ঢাকায় পাঠানো তিনজনের শরীর ও শ্বাসনালি শতভাগ পুড়ে গেছে। অন্যদিকে নাবিক নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে, এবং তাদের চিকিৎসা চলছে।
মতামত দিন