৬ পরিচালকের পদত্যাগ, বিসিবিতে বড় রদবদলের আভাস
একে একে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৬ জন পরিচালক পদত্যাগ করেছেন। এতে বোর্ডের ভেতরে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) সর্বশেষ তিনজন ক্লাব ক্যাটাগরির পরিচালক— ফাইয়াজুর রহমান মিতু, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী নিজেদের পদ থেকে সরে দাঁড়ান। এর মধ্যে ফাইয়াজুর রহমান মিতু বোর্ডের চতুর্থ সভা চলাকালীন পদত্যাগ করেন। তিনি একই সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর সিনিয়র সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
অন্যদিকে বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম এবং মেহরাব আলম চৌধুরী সন্ধ্যার দিকে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, নিজের দায়িত্ব পালন নিয়ে শানিয়ান তানিম সন্তুষ্ট ছিলেন।
এর আগে আরও তিন পরিচালক— ইশতিয়াক সাদেক, আমরাজ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল— পদত্যাগ করেন। তাদের মধ্যে ইশতিয়াক ও আমরাজ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ছিলেন, আর ইয়াসির ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রতিনিধি।
সব মিলিয়ে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ছয়জনের পদত্যাগ বোর্ডের ভেতরে বড় ধরনের রদবদলের আভাস দিচ্ছে। বর্তমান কাঠামো অনুযায়ী, ২৩ জন পরিচালক বিভিন্ন ক্লাব, জেলা, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থা থেকে নির্বাচিত হন এবং দুইজন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হন।
উল্লেখ্য, নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বোর্ডের ভবিষ্যৎ কাঠামো ও নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে