মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬
রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বিকেলে এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
জানা গেছে, নিহত ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গত ৪ জুলাই রাতে রেলস্টেশনের পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে। এ সময় তার দীর্ঘদিনের সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মতামত দিন