Views Bangladesh Logo

সীতাকুণ্ডের শিপইয়ার্ড দুর্ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ইদ্রিস আলী (৫০) নামের ওই শ্রমিক বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গত ১৪ আগস্টের দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ আগস্ট ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো একটি জাহাজের ট্যাঙ্ক কাটার সময় শ্রমিকেরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ট্যাঙ্কের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রভাবে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

দুর্ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ইদ্রিস আলীও। চিকিৎসকদের মতে, বিষাক্ত গ্যাসের প্রভাবে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালিতে গুরুতর ক্ষতি হয়েছিল। সর্বশেষ ইদ্রিস আলীর মৃত্যুর মধ্য দিয়ে প্রাণহানির সংখ্যা ১০-এ পৌঁছেছে।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে ইয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকা কিংবা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে এখনো কোনো মামলা হয়নি। নিহত নয় শ্রমিকের মধ্যে আটজনের মরদেহের ময়নাতদন্তও করা হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ একাধিক তদন্ত কমিটি কাজ করছে। এদিকে দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ