Views Bangladesh Logo

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাসে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। একই ঘটনায় ইয়ার্ডটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিএসবিআরএর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞদের সমন্বয়ে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৫৭ মিনিটে বিএসআরবির মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ-সংক্রান্ত ‘স্টপ অপারেশন অর্ডার’ জারি করেন।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদের কাছে পাঠানো আদেশে গ্যাস-সংযোগকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় এখন পর্যন্ত সাতজনের প্রাণহানির কথা উল্লেখ করা হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।

বিএসআরবির মহাপরিচালক শফিউল আলম তালুকদার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইয়ার্ডটির সব কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিএসআরবির আদেশে সাতজনের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও দুর্ঘটনাটি ঠিক কোথায় ও কীভাবে ঘটেছে এবং প্রাণহানির সঙ্গে ঘটনাটির সুনির্দিষ্ট সম্পর্ক কী—তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিএসবিআরএর পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্যাপ্টেন মোহাম্মদ এনামকে কমিটির প্রধান করা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখবে।

বিএসআরবি জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডগুলোর অনুমোদন, নিরাপত্তা, পরিবেশগত মান এবং সংশ্লিষ্ট বিধিবিধান বাস্তবায়নের সঙ্গে যুক্ত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ