আলোচনায় সিরাজুল ইসলাম চৌধুরীর ‘উন্নতি উত্থান ও অভ্যুত্থান’
অমর একুশের বইমেলার ৮ম দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন ১২-১৫ কপি করে বিক্রি হচ্ছে অধ্যাপক সিরাজুল ইসলামের লেখা প্রবন্ধের বই- ‘উন্নতি উত্থান ও অভ্যুত্থান’।
বইটির প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ'র সাপ্লাই অ্যান্ড সেলস অফিসার জাফিরুল ইসলাম ভিউজ বাংলাদেশ’কে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সিরাজুল ইসলাম স্যারের প্রবন্ধের বইটি আমাদের স্টলে বিক্রির শীর্ষে রয়েছে। প্রতিদিন ১২-১৫ কপি করে যাচ্ছে।’
এ বইয়ের সাতটি প্রবন্ধের প্রত্যেকটির ভেতরই অনেক গল্প আছে। এগুলোর শিরানাম ‘বিকল্প কি নেই’, ‘প্রত্যাশ্যা আছে কি’, ‘বড় যদি হতে চাও’, ‘তরুণরা তাহলে যাবে কোথায়’, ‘উন্নতি উত্থান ও অভ্যুত্থান’, ‘তুমি কি তাদের করিয়াছ ক্ষমা’ এবং ‘এর পরে কী’। প্রবন্ধগুলো ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে লেখা। ফলে এগুলোতে বর্তমান সময়ের দাগ রয়ে গেছে। ‘উন্নতি, উত্থান ও অভ্যুত্থান’-এই প্রবন্ধ দিয়েই বইয়ের নামকরণ। এই প্রবন্ধটির বক্তব্য বইয়ের মূল কথাগুলোর প্রতিনিধিত্ব করে।
বইটির প্রবন্ধগুলোতে উল্লেখ করা হয়েছে, আমাদের উন্নয়ন পুঁজিবাদী ধরনের, উন্নতিও সুবিধাপ্রাপ্তদেরই। ফ্যাসিবাদ হচ্ছে পুঁজিবাদের শেষ পরিণতি; ফ্যাসিবাদী শাসকরা উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করাতে চায়; যেমনটি চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তিনি জিতেছেন। আমাদের দেশেও একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলো প্রায় একই সময়ে, ২০২৪ সালের আগস্ট মাসে; সেই সরকারও ভেবেছিল উন্নয়ন দেখিয়ে গণতন্ত্রের দাবিকে দাবিয়ে রাখবে, তবে পারেনি।
কিন্তু ফ্যাসিবাদ তো দু-চারজন শাসকের ব্যাপার নয়; এ হচ্ছে সারা বিশ্বের সমস্যা। নির্বাচন দিয়ে তাকে যে বিদায় করা যাবে না সেটা স্পষ্ট হয়ে উঠেছে; কিন্তু অভ্যুত্থান ঘটলেই কি ফ্যাসিবাদের পতন ঘটবে? না, ঘটবে না; ফ্যাসিবাদকে বিদায় করার জন্য অভ্যুত্থানকে হতে হবে সমাজবিপ্লবী; এক কথায় ব্যক্তিমালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠাকামী। সেই কথাগুলোই বলা হয়েছে ২০২৩ সালের মার্চ এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ভেতরে লেখা প্রবন্ধ কয়টিতে। এই বইতে যুক্তির সঙ্গে মিলেছে সংবেদনশীলতা।
উন্নতি উত্থান অভ্যুত্থান: সিরাজুল ইসলাম চৌধুরী, কথাপ্রকাশ, অমর একুশের বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, প্যাভেলিয়ন ২৫, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, পৃষ্ঠা ২৪০, দাম ৫০০ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে