দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে কামিল পাস, এবার বিশেষ শিশুদের শিক্ষক হলেন নিলা
দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে কামিল (মাস্টার্স সমমান) পাস করে আলোচনায় আসা সিরাজগঞ্জের নিলা খাতুন এবার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিজে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ডেকে নিয়ে নিলাকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের নিলা জন্ম থেকেই দুই হাতবিহীন। তবে শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে পা দিয়ে লেখা শিখে একে একে শিক্ষাজীবনের সব ধাপ অতিক্রম করেন। সম্প্রতি কামিল (মাস্টার্স সমমান) পাস করে শিক্ষক হওয়ার স্বপ্নের কথা গণমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।
চাকরির খবর পেয়ে নিলা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল আল কায়েস এবং কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. তানভীর ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতামত দিন