সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা ও বেবী নাজনীন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আগামীকাল (১২ এপ্রিল) ফরম জমা দেবেন বলে জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় কনকচাঁপা বলেন, দলে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নিষ্ঠার ভিত্তিতে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
অন্যদিকে বেবী নাজনীন বলেন, চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তিনি সংসদ সদস্য হতে চান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই দলের আদর্শে বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছেন।
এ ছাড়া কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে