Views Bangladesh Logo

অর্থ আত্মসাতের মামলায় নোবেলের জামিন

আদালত বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেফতার করে। সেদিনই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে নোবেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে তিনি ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি আদালতে দায়ের হলে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআই উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ মে ‘ধর্ষণ ও মারধর’-এর অভিযোগে ডেমরা থানার আরেকটি মামলায় গ্রেফতার হন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ