আপসের শর্তে জামিন পেলেন নোবেল
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে আগামী ২ এপ্রিল পর্যন্ত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।
এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। শুনানির সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারকের প্রশ্নের জবাবে উভয় পক্ষ আপসে সম্মত হওয়ার কথা জানান।
নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের বিষয়টি তুলে ধরে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে জামিনের আদেশ পেয়ে নোবেলকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
মামলার বাদী গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয় এবং ২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে