কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোবেল প্রথম আলোচনায় আসেন ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো 'সা রে গা মা পা’-তে অংশগ্রহণ করে। তার গান দ্রুতই দর্শক-শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পায়। তবে সংগীতজীবনের বাইরেও নানা বিতর্কে জড়ানোয় বারবার শিরোনামে এসেছেন তিনি।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। তিনি একটি অনুষ্ঠানের জন্য অগ্রিম পারিশ্রমিক গ্রহণ করলেও সেখানে উপস্থিত হননি। এই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।
১৬ মে, নোবেলের বিরুদ্ধে আবারও প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, শরীয়তপুর ভেদরগঞ্জ সদর পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি ব্যাচের একটি অনুষ্ঠানের জন্য তিনি ১,৭২,০০০ টাকা অগ্রিম নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।
এই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং একদিন রিমান্ডে নেওয়া হয়। মামলাটি করেন মোহাম্মদ সাফায়েত ইসলাম, যিনি ২০১৬ সালের এসএসসি ব্যাচের একজন প্রতিনিধি ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে