Views Bangladesh Logo

তৃতীয় বিবাহ বিচ্ছেদের ঘোষণা গায়িকা ন্যান্সির

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গীতিকার ও সংগীতাঙ্গনের পেশাজীবী মোহসিন মেহেদির সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান ন্যান্সি। দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার পর দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, “মেহেদি ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।”

তিনি বলেন, দুজন এখন থেকে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময়ে যারা তাদের নিয়ে উদ্বিগ্ন, তাদের কাছে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ন্যান্সি।

ন্যান্সি আরও লেখেন, “জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব।” এ সময়ে পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গীতিকার মেহেদিকে ২০২১ সালে বিয়ে করেন ন্যান্সি। সংগীতের সূত্র ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। মেহেদির লেখা ‘এমন একটা মন’ গানটি আগে গেয়েছিলেন ন্যান্সি।

২০২২ সালের জুনে এ দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান মেহেনাজ।

এর আগে আরও দুবার বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সৈয়দ সোরোভকে বিয়ে করেন তিনি। এ সংসারে তাদের একটি মেয়ে রয়েছে, নাম রোদেলা।

পরে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এ সংসারে তাদের মেয়ে নায়লা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ