Views Bangladesh Logo

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রামপুরা থানার এসআই খান আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মনি কিশোর চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন।

তিনি বলেন, ‘মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কয়েক দিন ধরে ওই ফ্ল্যাট থেকে কোনও সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা সন্দেহ করে। একপর্যায়ে পাশের ফ্ল্যাটের লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবা কেন্দ্রে জানায়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে’।

মনি কিশোর পাঁচ শতাধিক গান গেয়েছেন। তিনি টেলিভিশন ও বেতারে তালিকাভুক্ত শিল্পী ছিলেন, তবে চলচ্চিত্রে খুব বেশি গান করেননি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কি ছিলে আমার’, ‘সেই চোখ দুটি কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি। তার সবচেয়ে জনপ্রিয় গান ‘কি ছিলে আমার’ নিজেই সুর করেছেন এবং লিখেছেন।

মনি কিশোর নিজে প্রায় ২০টি গান লিখেছেন ও সুর করেছেন। তার আসল নাম ছিল মনি মণ্ডল। তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ভক্ত ছিলেন, তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের নামের সঙ্গে ‘কিশোর’ যুক্ত করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ