রুহুল কবির রিজভীর সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রাতরাশ বৈঠকে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে ডেরেক লো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জবাবে রুহুল কবির রিজভীও বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা বিষয়ক পরিচালক দপ্তরের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সাবেক প্রেস সচিব ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন বৈঠকে অংশ নেন।
মতামত দিন