ম্যাকাইয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পরিকল্পনার কথা জানালেন সিমন্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা ছিল টাইগাররা কতদিন লড়াই করতে পারবে, তবে সেই শঙ্কা উড়িয়ে অজিদের মাটিতে দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশ। এই জয়ের পর দল কতটা আত্মবিশ্বাসী, এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আসলে টেস্ট ম্যাচ জিতলে তো আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’
কোচিং ক্যারিয়ারের সেরা জয় কিনা—এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অবশ্যই, আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এটি। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল। তবে টেস্ট ক্রিকেটই সেরা।’ জিম্বাবুয়েতে হারের পর এই সিরিজে কী পরিবর্তন এলো, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। তিনদিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনও পরিবর্তন হয়নি। যদিও আমরা (প্রস্ততি ম্যাচে) ৫৪ রানে অলআউট হয়েছি। তবে আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আমাকে আত্মবিশ্বাস এনে দেয়। আমাকে বিশ্বাসী করে তোলে যে, তারা ভালো কিছু করতে চায়। ফলে কোনো না কোনো সময়ে (সাফল্য) ধরা দেবেই।’
ডারউইনে হারলেও দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইতে শক্তিশালী হয়ে ফিরবে অস্ট্রেলিয়া, এমন আশঙ্কার কথাও জানান সিমন্স। তিনি বলেন, ‘আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি একভাগও উন্নতি করতে পারি, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দুই দল এখন ম্যাকাইয়ে অবস্থান করছে, যেখানে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। প্রথম টেস্টের কৌশলেই এগিয়ে গিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলার লক্ষ্যের কথা জানিয়েছেন সিমন্স। দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’ প্রথম ইনিংসে বড় রান করাটাই মূল লক্ষ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’
মতামত দিন