পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ বৈঠকে তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানের এক বছর উপলক্ষে আমাদের উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলকে একত্রিত করে অতীতকে স্মরণ করা। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য স্পষ্টভাবে প্রকাশ পেত। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।'
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, 'রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে অবস্থান নেওয়া জরুরি। তা না হলে ষড়যন্ত্রী শক্তি এই বিভাজনকে সুযোগ হিসেবে নেবে।'
বৈঠকে অংশ নেওয়া সব দলই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার পক্ষে মত দেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। নেতারা সংস্কার, বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সর্বদলীয় বৈঠক হওয়া উচিত।
বৈঠকে উপস্থিত ছিলেন—রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান।
এর আগে, মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে