বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি বন্দরের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবনতি হতে পারে। তাই সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন