দোকানে ঢুকে মোবাইল চুরির অভিযোগ, এসআই প্রত্যাহার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তার নাম রাসেল মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিকেলে রাসেল মিয়াকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের স্মার্টফোন চুরি হয়। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, এসআই রাসেল মিয়া দোকানে ঢুকে ফল কিনছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা শেষে রাসেল মিয়া প্রায় পাঁচ মিনিট দোকানে অবস্থান করেন। এ সময় দোকানের কাউন্টারে রাজীবের স্মার্টফোন রাখা ছিল। রাসেল ওই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর ফলের ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখার পর চুরির বিষয়টি নিশ্চিত হন রাজীব। পরে তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে মোবাইল ফোনটি ফেরত দিতে বলেন।
রাজীব জানান, এসআই রাসেল তাকে বলেছেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর তিনি সেটি হারিয়ে ফেলেছেন। এ কারণে তাকে ১৫ হাজার টাকা দিয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, আমি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছি। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর গতকাল রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তবে এ ঘটনায় ওই এসআইয়ের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত দিন